অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর

বাংলাদেশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে অর্থপাচার ও আন্তঃদেশীয় অপরাধের যৌথ তদন্তে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর।

গতকাল সোমবার পুলিশ সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ফিলিপ অং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।