অক্টোবরে মূল্যস্ফীতি কমলেও বাড়েনি মজুরি

দেশে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও সে তুলনায় বাড়েনি মানুষের মজুরি। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কমে হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, মানুষের আয় বাড়ছে তার চেয়ে কম হারে। এতে বাড়তি ব্যয় মেটাতে চাপে পড়ছে সাধারণ মানুষ। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কম রয়েছে। গত বছরের একই মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ০৮ শতাংশ।

এ ছাড়া অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৯ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। তবে গত বছরের অক্টোবরের তুলনায় এবার খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশি। গত বছরের একই সময়ে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। বিবিএসের হিসাবে, অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গত বছরের অক্টোবরে এ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এর হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

পাশাপাশি গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। গত বছর একই সময়ের এর হার ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। গত সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মানুষের আয় বা মজুরি বৃদ্ধির হারও কমেছে। অক্টোবরে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮ দশমিক ০১ শতাংশ।

অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬২ শতাংশ হয়েছে। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, বিপরীতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে ০ দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। অর্থাৎ পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, মানুষের আয় বাড়ছে তার চেয়ে কম হারে।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি হাটবাজার থেকে তথ্য সংগ্রহ করে অক্টোবরের ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। অন্যদিকে মজুরি বৃদ্ধির হিসাব করা হয় ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্যের ভিত্তিতে। এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্প খাতের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা রয়েছে।