বরখাস্তের দ্বারপ্রান্তে ক্যারিক, আর্জেন্টাইনকে কোচ করতে চায় ম্যানইউ

প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনের কাছাকাছি নেমে যাওয়ায় বরখাস্ত হওয়ার মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক। আর ওল্ড ট্রাফোর্ডের হটসিটে তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো।

খারাপ পারফরম্যান্সের জেরে বড় সংকটের মুখে প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির ইতিহাসে প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে সূচনার পর কোচের পদ থেকে মাইকেল ক্যারিককে ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ম্যানেজমেন্ট। 

ইএসপিএন-এর সূত্র অনুযায়ী, কো-চেয়ারম্যান জোয়েল গ্লেজার, অংশীদার জিম র‍্যাটক্লিফ, সিইও ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকসের সমন্বয়ে গঠিত ইউনাইটেড পরিচালনা পর্ষদ বর্তমানে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করছে। চলতি মৌসুমে প্রথম ১০ লিগ ম্যাচের মাত্র ১টিতে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের তলানির দিকে ধুঁকছে রেড ডেভিলসরা।

এর আগেও তিনবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদের জন্য ইন্টারভিউ দেওয়া ৫৪ বছর বয়সী পচেত্তিনো বর্তমানে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন। টটেনহ্যাম হটস্পার, চেলসি এবং পিএসজির সাবেক এই কোচ গত আগস্টে ২০৩০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন।

তবে সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার চুক্তিতে একটি ১ কোটি ডলারের (প্রায় ৭৪ লাখ পাউন্ড) রিলিজ ক্লজ রয়েছে, যা পচেত্তিনোকে পেতে হলে ইউনাইটেডকে পরিশোধ করতে হবে। এর আগে এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে দিয়েছিলেন তিনি।

পচেত্তিনো ছাড়াও ইউনাইটেডের রাডারে বিকল্প হিসেবে রয়েছেন সাবেক নিউক্যাসেল ম্যানেজার এডি হাউ, বর্তমান বেকার কোচ জুলিয়ান নাগলসমান এবং কিয়েরান ম্যাককেনা।

গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানোর সুবাদে গ্রীষ্মে দুই বছরের স্থায়ী চুক্তি পেয়েছিলেন ক্যারিক। কিন্তু নতুন মৌসুমে দলের এই নাটকীয় পতন ক্লাব কর্তাদের হতবাক করে দিয়েছে। গত মাসে পরিস্থিতি সামলানোর সুযোগ দেওয়া হলেও শেষ চার ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়ায় তার বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে।

 

আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে কঠিন ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগেই কোচ বদলের ঘোষণা আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।