আইপিএল নিয়ে মোদির যে প্রস্তাবকে সমর্থন জানালেন জুহি চাওলা

ভারতের গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম এড়াতে ঐতিহ্যবাহী মার্চ-মে উইন্ডো থেকে সরে এসে জানুয়ারি মাসে আইপিএল শুরু করার পরামর্শ দিয়েছেন ললিত মোদি। আর এই প্রস্তাবেই সায় দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক জুহি চাওলা।

আইপিএল সময়সূচি বদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ললিত মোদির প্রস্তাবকে সমর্থন জানিয়ে কেকেআরের সহ-মালিক ও বলিউড অভিনেত্রী জুহি চাওলা বলেছেন, আইপিএলকে বছরের সবচেয়ে গরমের মাসগুলোর পরিবর্তে জানুয়ারি মাসে শুরু করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জুহি প্রশ্ন তোলেন, কেন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্টকে সবচেয়ে তীব্র গরমে আয়োজন করা হবে? আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএলের প্রভাব ও পরিধি এখন এতটাই বিস্তৃত যে এটি নিজের সুবিধামতো ক্যালেন্ডার প্রভাবিত করার যোগ্যতা অর্জন করেছে।

"আইপিএলকে এখন আর ক্রিকেট ক্যালেন্ডারে নিজের জায়গা খুঁজে নিতে হয় না; বরং ক্যালেন্ডারকে প্রভাবিত করার অধিকার এটি অর্জন করেছে। তাহলে কেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি আমরা সবচেয়ে তীব্র গরমে খেলব? যদি সূচি পুনর্বিবেচনা করা হয়, তবে এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারি কেন নয়?"—বলেন জুহি।

তার মতে, জানুয়ারি মাসে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলে আবহাওয়া ভালো থাকবে, মানসম্মত ক্রিকেট খেলা উপহার দেওয়া সম্ভব হবে এবং খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্যই সামগ্রিক অভিজ্ঞতা অনেক ভালো হবে।

এদিকে আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আইপিএলের শুরুটা কিছুটা এগিয়ে আনার কথা ভাবছে বিসিসিআইও। টুর্নামেন্টের শেষ পর্যায়ে (১৫ মের পর) বৃষ্টি বা প্রাক-মৌসুম বর্ষার আশঙ্কার পাশাপাশি প্রচণ্ড গরমে খেলোয়াড় ও দর্শকদের ভোগান্তির বিষয়টি নিয়ে বোর্ডের গভর্নিং কাউন্সিলে আলোচনা চলছে বলে জানা গেছে।