শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। তবে বিশৃঙ্খলা এড়াতে কারখানা গেইট ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় যোগ দেন। তবে সকাল ১০ টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ১১ টি কারখানা ছুটি দেওয়া হয়। পরে শ্রমিকরা একসঙ্গে কারখানা থেকে বের হলে কিছুটা জটলা তৈরি হয়। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে শ্রমিকদের কোন অবরোধ করার মতো ঘটনা ঘটেনি। সকাল থেকে তারা কাজে যোগ দিয়েছে। কয়েকটি কারখানার ভেতরে অসন্তোষ দেখা দিলে ছুটি দিয়ে দেয়া হয়। ভোগড়া বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিঃ শ্রমিক উত্তেজিত হলেও পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। বর্তমান পরিবেশ স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হওয়ায় জেলায় মোট ১১ টি কারখানা আজকের জন্য ছুটি দেয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্বাভাবিক পরিবেশ অক্ষুন্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।