দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক ও মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’ এবং ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’।
মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন। তিনি বলেন, সারা দেশে ছাত্রলীগের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরেছে। দেশজুড়ে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে এসব কর্মকাণ্ডের মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে থেকে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। ক্যাম্পাস ও বাংলাদেশে ছাত্রলীগ কিংবা আওয়ামী ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না।