চকরিয়া ইউএনও অফিসসহ পাঁচ স্থানে তালা, পুলিশের অভিযান

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ২৫ ও ৩৭ সেকেন্ডের দুটি ভিডিও। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝোলানো ব্যানারে লেখা রয়েছে, শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে এবং সব শিক্ষার্থীর শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সর্বাত্মক ছাত্রধর্মঘট। এতে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নাম।

ব্যানারে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের অপর ভিডিওতে চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙানোর দৃশ্য দেখা যায়।

অন্যদিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝোলানোর ২৫ সেকেন্ডের ভিডিওতে দুজন যুবককে দেখা গেছে। তবে এ সময় কাউকে স্লোগান দিতে শোনা যায়নি। ছাত্রলীগের বিভিন্ন পেজ ও সংগঠনটির নেতা-কর্মীরা ভিডিও দুটি নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের গ্রেপ্তারে অভিযানও চলছে।