কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ আদেশ দেন।
কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান ইলাহী নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশ গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন বিচারক।
আদালতে সোপর্দ করা আসামিরা হলেন— মোহাম্মদ (৪২), হানিফ (৪০), মো. শফিউল্লাহ (৩২), মো. হাসান (২০), মো. আরোয (১৯) ও ওমর ফারুক (১৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছয়জনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় গত সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। তিন মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬৮ জনকে আসামি করা হয়েছে।
গত ৫ নভেম্বর হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন সেনা সদস্য তিতাস শেখ। গুরুতর আহত অবস্থায় রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই অভিযানে পাহাড়ের বন্দিশালা থেকে ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।