চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর হারবাংয়ের হারবাং স্টেশন ও পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে হারবাং স্টেশন এলাকায়। চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটম চালকসহ পাঁচজন আহত হন। সেনাবাহিনীর একটি দল দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

শিশু  আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরব প্রবাসী। তিন মাস আগে তিনি দেশে এসেছেন। প্রতিদিনের মতো রবিবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।

ভাগিনা ইলিয়াস আরমান জানান, দুপুরে মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগামী যানবাহন তার মামার মোটরসাইকেলকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আশপাশে কেউ দুর্ঘটনাটি সরাসরি দেখেননি। ফলে ঘাতক যানবাহনটি শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ সর্বাধিক পঠিত