ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে ক্যাম্পের উদ্দেশে রওনা হন।
সফরকালে তিনি বিভিন্ন শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ে খোঁজখবর নেবেন তিনি।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে আয়োজিত এ সফরে ডাচেস অব এডিনবরা আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় শরণার্থী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন।
২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। তার এবারের সফরকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।