সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মদভর্তি বস্তা ফেলে পালিয়ে গেছেন অজ্ঞাতনামা দুই থেকে তিন ব্যক্তি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা শহীদ মিনার এলাকা থেকে দক্ষিণ ডলুরাগামী একটি কাঁচা সড়কে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তর ডলুরা শহীদ মিনারসংলগ্ন সড়কে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিন ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান।

পরে বস্তাটি তল্লাশি করে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার র‍্যাব-৯ ও সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।