সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আলোচিত জোড়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ৯ এর সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এসএআরবি-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এরআগে, গত সোমবার রাতে এসএআরবি-৯, সুনামগঞ্জ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল জেলার নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের জামাল হোসেনের ছেলে মো. সুহেল মিয়া (২০) ও একই গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে মো. রোকন মিয়া (২৪)।
এসআরবি জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমানের (৪১) পরিবারের সাথে জমিজমা, সরকারি খাসজমি ও পতিত জমিতে গবাদিপশু চড়ানো এবং চলাফেরা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেরে গত ২৯ অক্টোবর সকালে মতিউর রহমান গবাদিপশু চড়ানোর উদ্দেশে যাওয়ার সময় শাহারপাড়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর দলবদ্ধভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে তার ভাই আতাউর রহমান ও চাচাতো ভাই মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন। হামলাকারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আতাউর রহমান ও মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ অক্টোবর সকালে মুজিবুর রহমান মারা যায়।
এ ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন। মামলা দায়েরর পর এসএআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এসএআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।