চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই তার ‘গুরু’ বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারীরাই ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম নামে যুবককে গুলি করে হত্যাচেষ্টা চালিয়েছে। ছোট সাজ্জাদ এখন কারাবন্দি। তিনি বড় সাজ্জাদের ‘ডানহাত’ হিসেবে পরিচিত। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একটি সুত্র দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে ইকরামকে গুলি করে পালিয়ে যান। ইকরাম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ইকরাম এখন শঙ্কামুক্ত। এ ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা ইকরামকে গুলি করার ঘটনায় জড়িত বলে ধারণা করছি। অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দিতে ইকরাম ভূমিকা রেখেছিলেন বলে দাবি তার স্ত্রী রুমা আক্তারের। ঘটনার পর গতকাল সোমবার চমেক হাসপাতালে ইকরামের স্ত্রী স্বামীকে গুলি করার ঘটনায় বড় সাজ্জাদের অনুসারী মো. রায়হান, ইসমাইল এবং ছাবের নামে তিনজনকে দায়ী করে দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান। এদিকে ইকরামকে গুলি করার ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় পুলিশ মামলা নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ভুক্তভোগীর পরিবার থানায় আসছি, আসব বলছে। ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও অস্ত্রধারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) অমিতাভ দত্ত দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে।’
ঘটনার বর্ণনা দিয়ে ইকরামের স্ত্রী রুমা আক্তার মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দেশ রূপান্তরকে জানান, সোমবার বেলা দেড়টার দিকে মুরাদপুর ফরেস্ট গেট এলাকার একটি টায়ারের দোকানের সামনের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন তার স্বামী ইকরাম। এ সময় সাদা গেঞ্জি পরা এক যুবক তার স্বামীর সামনে এসে কোমর থেকে পিস্তল বের করেন। অস্ত্র বের করতে দেখেই বেঞ্চ থেকে লাফিয়ে উঠে দাঁড়ান ইকরাম।
‘তুই কে রে’ বলে ওই যুবককে জাপটে ধরেন ইকরাম। এ সময়ই গুলি ছুড়তে শুরু করেন তিনি। এক পর্যায়ে দুজনের ধস্তাধস্তির মধ্যে ইকরামের কোমরে গুলি লাগে। ধস্তাধস্তির মধ্যে সড়কসংলগ্ন সেতুর ওপর থেকে আরও চার যুবক অস্ত্র বের করে গুলি ছুড়তে থাকেন। তখন আর হামলাকারীকে ধরে রাখার চেষ্টা করেননি ইকরাম। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে পাশের চারতলা ভবনের দোতলায় আশ্রয় নেন ইকরাম। এ সময় তার ইকরামের পায়েও গুলি লাগে। এরপর দোকান ও ভবন লক্ষ্য করে ২০ থেকে ২২টি গুলি ছুড়ে চলে যান পাঁচ অস্ত্রধারী। অন্য গুলিগুলো লাগে দোকান, ভবন ও আশপাশের দেয়ালে। ঘটনাস্থল ছাড়ার সময় আরও পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন অস্ত্রধারীরা।
পুলিশ সুত্র জানায়, ইকরাম একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি এসআরবির হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। ২০১৭ সালে চট্টগ্রামে আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় আসামি করা হয় ইকরামকে। এরপর তিনি দুবাইয়ে পালিয়ে যান। সেখানে বড় সাজ্জাদের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়।
২০২৪ সালের এপ্রিলে দেশে ফিরে বড় সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলার দলে যোগ দেন ইকরাম। পরে সরোয়ার বাবলাকেও গুলি হত্যা করা হয়। ইকরামের স্ত্রী রুমা বলেন, ‘ছোট সাজ্জাদকে পুলিশকে ধরিয়ে দেওয়ার পর থেকে আমাদেরকে হুমকি দিয়ে আসছে সাজ্জাদের অনুসারীরা। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করেছি। ওই মামলায় বড় সাজ্জাদ ও তার কয়েকজন সহযোগীকে আসামি করা হয়। কিন্তু পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারেনি।’
গতকাল চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরাম সাংবাদিকদের জানান, হামলার আগে অস্ত্রধারীরা দোকানের পাশের সড়কে দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাছে অবস্থান নিয়েছিলেন। সকাল থেকেই তারা তাকে অনুসরণ করে থাকতে পারেন। একা পাওয়ার পরই গুলি চালান। প্রকাশ্যে হামলা চালালেও তাদের কারও মুখে মাস্ক ছিল না। গত বছরের ১৪ নভেম্বর বিদেশি নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বড় সাজ্জাদের সহযোগী মোস্ট ওয়ান্টেড ‘সন্ত্রাসী’ মো. রায়হানই তাকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইকরাম।
জানা গেছে, গতকাল সোমবার গুলিবিদ্ধ অবস্থায় ইকরাম যে বাসায় আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির মালিকের নাম মো. জাফর। তিনি বলেন, ‘যেভাবে আমার বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছিল, মনে হচ্ছিল গুলি এসে আমার শরীরে লাগবে। দিনেদুপুরে সংঘটিত এমন ঘটনার পর থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।