চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত তিন বছরের রেকর্ড ভেঙে ২০২৬ সালে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে বছরের শেষভাগে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সংক্রমণের যে তীব্রতা দেখা গেছে, তা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।
স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর ও সমন্বিত নিধন অভিযান না থাকায় পরিস্থিতির এমন অবনতি হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দুই বছরের তুলনায় চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে জেলায় সারা বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন। মারা যান ৪৫ জন। পরের বছর ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮৬৪ জনে। ওই বছর মৃত্যু হয় ২৭ জনের। তবে চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮৬ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৪০ জন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও জুলাই থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়। ওই মাসে আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুজনের। আগস্টে আক্রান্ত হন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় দুজনের। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৩০ জনে, মারা যান ১৬ জন। অক্টোবরে সর্বোচ্চ ২ হাজার ৬০৮ জন শনাক্ত হন এবং মৃত্যু হয় ১৫ জনের। চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই নতুন করে ৭১২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চারজন।
সংক্রমণের ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়ও। হিলভিউ এলাকায় গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাদের একজন নূর মোহাম্মদ আরাফাত ওই এলাকার হিলভিউ পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা হলেও এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখা যায় না বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে ওই বিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত।
একই এলাকার বাসিন্দা লোকমান হোসেন জানান, কয়েল না জ্বালিয়ে বা মশারি না টানিয়ে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। অথচ গত চার মাসেও এলাকায় মশার ওষুধ ছিটাতে কাউকে দেখা যায়নি।
একই ধরনের অভিযোগ দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দাদের। ওই এলাকার একতা আবাসিকে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা তাহমিনা বেগম জানান, একতা ও চৌধুরী আবাসিক এলাকায় গত এক মাসেও মশক নিধনের ওষুধ ছিটানো হয়নি।
এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান দেশ রূপান্তরকে বলেন, হিলভিউ আবাসিক এলাকায় গত কয়েক দিনে একাধিকবার ওষুধ ছিটানো হয়েছে। মশক নিধনে তাদের লোকবল মাত্র ১২০ জন, অথচ চট্টগ্রাম শহরের জনসংখ্যা প্রায় ৮০ লাখ। সীমিত জনবল নিয়েও দিনরাত ওষুধ ছিটানো হচ্ছে এবং নগরজুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলছে।
তিনি আরও বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি। সবাইকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে না দিলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, চলতি বছর জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা বেড়েছে। প্রতিটি উপজেলায় ডেঙ্গু শনাক্তের এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা করার সুযোগ রয়েছে। জ্বর হলেই অনেকে পরীক্ষা করাতে আসছেন। এ কারণে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার তুলনামূলক কম বলে জানান তিনি।