কিশোর হৃদয় হত্যা মামলায় বগার ৩ দিনের রিমান্ড

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

চট্টগ্রাম নগরে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগাকে আদালতে হাজির করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর খুলশী থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত হৃদয় হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে খুলশী থানার ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে হৃদয় হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর মূল অভিযুক্ত আসিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ‘ফাইভ স্টার’ ও ‘সেভেন স্টার’ নামে দুটি কিশোর গ্রুপের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গ্রুপ দুটির মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের পাশাপাশি চাঁদাবাজির বিষয়টিও সামনে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত