পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ

দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ২৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে। উৎপাদন বাড়াতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা, জেলেদের খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে মাছের খুচরা বাজারমূল্য নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি ভূমিকা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ বিভিন্ন উপকূলীয় নদীতে মোট ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মা ইলিশ আহরণ নিষিদ্ধ ২২ দিন সময়ে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে চার মাস ধরে তিন লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ আহরণ বন্ধকালীন ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ নিষিদ্ধ ও মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয়বর্ধক কর্মকাণ্ডের ওপর কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে গত পাঁচ অর্থবছরে ইলিশ উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।

তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। পরের অর্থবছর ২০২২-২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে। এরপর উৎপাদন কমতে থাকে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হয় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।

ইলিশের উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, মাছের খুচরা বাজারমূল্য তার প্রাচুর্যের ওপর নির্ভর করে। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার ব্যবস্থায় মাছের দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি সুযোগ নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।

দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে নজরদারি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।