জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মাছটির টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে সাগর ও নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ বা জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে এসব মাছ পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদও করা যাবে না।

মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হবে। নিষেধাজ্ঞা কার্যকরে সারাদেশে নজরদারি ও আইন প্রয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে মৎস্য অধিদপ্তর।

নির্ধারিত সময়ে জাটকা আহরণ ও নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত