মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে দেশের সাগর ও নদ-নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৮ থেকে ২৯ অক্টোবর ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। এ সময় ডিমওয়ালা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করছে। এসব পোনা পাঁচ থেকে আট মাস পর্যন্ত ওই অঞ্চলে থাকে।

এ সময় জাটকা আহরণ বন্ধ রাখা হলে সেগুলো নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পাবে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারা দেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত