প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে খুলনার দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী গাজিরহাটসহ খুলনা নগরীর তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের সমাপ্তি আজ।
অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তি প্রতিষ্ঠার প্রার্থনা জানিয়ে অশ্রুসিক্ত নয়নে ভক্তরা বিদায় দিলেন শক্তির দেবী কালীকে।
সন্ধ্যার পর থেকেই বের হতে শুরু করে বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকের আওয়াজ, উলুধ্বনি আর কাঁসরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে নদীর ঘাট।
শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে গাজীরহাটে মন্ডপগুলো সেজে ওঠেঅনবদ্য সাজে। হাজার হাজার দর্শণার্থী বিভিন্ন জেলা-উপজেলা থেকে গারদিরহাটে পূজা দেখতে ভিড় করেন।
গাজিরহাটের উল্লেখযোগ্য মন্দির ও মন্ডপ গুলোর মধ্যে রামানন্দপুর সার্বজনীন মন্দির, রামানন্দপুর পাটনিবাড়ী সার্বজনীন মন্দির (শিমুল দাসের ব্যক্তিগত পূজা), গাজিরহাট মহাশ্মশান মন্দির, গাজিরহাট কালীবাড়ি পূজা মন্দির, সমরেশ সাহার ব্যক্তিগত পূজা, বাগমারা কাজল সরকারের ব্যক্তিগত পূজা, বাবুল কর্মকারের পূজা সহ (চলচ্চিত্র তারকা পূজা চেরির পূজা) অনেক মণ্ডপে শ্যামা পূজার আয়োজন করা হয়।
খুলনা নগরীর মধ্যে ঐতিহ্যবাহী আর্য ধর্ম সহ মন্দির, শীতলা বাড়ি মন্দির, কয়লাঘাট কালী মন্দির, রুপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির, শিববাড়ি মন্দির সহ ঐতিহ্যবাহী সংঘমিত্র, অগ্রণী বয়েজ ক্লাব, সূর্য তরুণ সংঘ, এশিয়া শ্যামা সংঘ, সোনার বাংলা যুব গোষ্ঠী, সান ফ্লাওয়ার, কুন্ডু বাড়ির গলিসহ নগরীর বিভিন্ন মন্দির ও মন্ডপের প্রতিমা নিরঞ্জন এর মধ্যে দিয়ে শ্যামাপদাও দীপাবলি উৎসবের সমাপ্তি হয়।
নগরীতে শ্যামা পূজার প্রতিমা নিরঞ্জনের সব থেকে আকর্ষণীয় পর্ব হলো সিটি ব্যাংকের সামনে আতশবাজির ফোয়ার। রাত ৯টা থেকে ১টা পর্যন্ত একটানা ভাবে চলতে থাকে এই আতশবাজির উৎসব। শত শত সনাতনী ভক্তরা এই আতশবাজির উৎসব উপভোগ করেন।