বাঁশের ঘরে ১০০ শিশুর স্বপ্ন, বিনা বেতনে পড়ান ৬ শিক্ষক

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

সকালে বই-খাতা হাতে মাদ্রাসায় আসে শিশুরা। কারও হাতে পুরনো ব্যাগ, কারও বইয়ের মলাট ছেঁড়া। টিনের চালা আর বাঁশের বেড়া দেওয়া ছোট্ট ঘরে সারি সারি ভাঙা বেঞ্চ। বৃষ্টি হলে চালা দিয়ে পানি পড়ে, আর গরমে টিনের নিচে টেকা দায়। এমন প্রতিকূল পরিবেশেও প্রতিদিন চলছে শতাধিক শিশুর পাঠদান।

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিনগর (হড্ডী) গ্রামের হরিনগর ইবতেদায়ি মাদ্রাসার চিত্র এটি। ছয় বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তবে প্রতিষ্ঠার পর থেকে এখনো মেলেনি সরকারি স্বীকৃতি ও অনুমোদন। নেই সরকারি অনুদান, শিক্ষকদের বেতন কিংবা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। ছয়জন শিক্ষক সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পাঠদান করে যাচ্ছেন।

২০২০ সালে স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ রেজাউল করিম সানার উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামের শিশুদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সুযোগ করে দেওয়াই ছিল এর মূল লক্ষ্য। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। স্থানীয় অনেক শিশুর শিক্ষার গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছে মাদ্রাসাটি।

এখানে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত পড়ানো হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখানোর প্রতিও বিশেষ গুরুত্ব দেন শিক্ষকেরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

তবে শিক্ষকদের এই প্রচেষ্টা কত দিন অব্যাহত রাখা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছয় বছর ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করছেন তাঁরা। সংসার চালাতে প্রত্যেককেই অন্য কাজের ওপর নির্ভর করতে হয়। এরপরও প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় এসে শিশুদের পাঠদান করছেন তারা।

মাদ্রাসার সুপার মো. ইমরান হোসাইন বলেন, আমরা শিশুদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর চেষ্টা করছি। কিন্তু দীর্ঘদিন বিনা বেতনে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদেরও পরিবার আছে, সংসার আছে। সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পেলে প্রতিষ্ঠানটি চালিয়ে নেওয়া কঠিন হবে। আমরা চাই, সরকার দ্রুত মাদ্রাসাটির স্বীকৃতি দিয়ে শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করুক।

শিক্ষক আতাউর রহমানসহ অন্য শিক্ষকেরা জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণের অভাবে পাঠদান করতে গিয়ে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। পর্যাপ্ত বেঞ্চ নেই, শ্রেণিকক্ষের পরিবেশও শিক্ষাবান্ধব নয়। সরকারি অনুমোদন ও আর্থিক সহায়তা পেলে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে বলে মনে করেন তারা।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ রেজাউল করিম সানা বলেন, নিজের উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। এলাকার দরিদ্র পরিবারের শিশুরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সেটিই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু একার পক্ষে দীর্ঘদিন এভাবে চালানো সম্ভব নয়। এখন সরকারি স্বীকৃতি ও সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য মো. মামুন সানা বলেন, প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটি আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে। তিনি দ্রুত মাদ্রাসাটির স্বীকৃতি ও প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে মাদ্রাসাটি পরিদর্শন করে এর সমস্যা ও সম্ভাবনা বিবেচনা করবে। সরকারি স্বীকৃতির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করা হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে।

একটি টিনের চালা আর বাঁশের বেড়ার ঘরে শতাধিক শিশুর শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ছয়জন শিক্ষক নিজেদের শ্রম ও সময় দিয়ে সেই উদ্যোগ টিকিয়ে রেখেছেন। তবে তাদের স্বেচ্ছাশ্রমে আর কত দিন চলবে এই শিক্ষাপ্রতিষ্ঠান? হরিনগর (হড্ডী) ইবতেদায়ি মাদ্রাসার ভবিষ্যৎ এখন নির্ভর করছে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও সরকারের সহযোগিতার ওপর।

সর্বশেষ সর্বাধিক পঠিত