রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় এ ঘটনা ঘটে। দুই ব্যক্তি তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যায়।
এ সময় হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী মো. আকাশ (২৪) একটি আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন রফিককে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, রাত ৮টার দিকে রফিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন রফিককে গণপিটুনি দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, রফিকের বাড়ি বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ায়। তার পিতার নাম মৃত আব্দুল জলিল। অন্যদিকে পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সুফিপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ আলী করিম। আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পলাতক আকাশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।