রাঙামাটিতে রাতের আঁধারে অফিস-আদালতে তালা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে রাঙামাটি শহরে রাতে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর পাশাপাশি সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সরকারি বিভিন্ন দপ্তর, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর প্রবেশপথ খুলে দেন।

এ সময় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক এবং রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ফটকের তালা ভাঙতে দেখা যায় কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোর্শেদকে।

এদিকে, ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, রাতের আঁধারে কারা এসব তালা লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত