রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শ্যামলী শিশু মেলাসংলগ্ন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই আগুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বাসে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যেতে পেরেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যস্ত মিরপুর সড়কের এই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকায় চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার বলেন, ঠিকানা পরিবহনের বাসটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৯টার ২০ মিনিটের দিকে জাতীয় মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা ঠিকানা পরিবহনের একটি যাত্রাবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।