রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, গ্রেপ্তার ৬

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৩০ এএম

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার সকাল ও সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট ও টিএসসিসহ আরও কিছু এলাকা এসব ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে রয়েছি। ইতোমধ্যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ করছি।

এছাড়া রাজধানীর টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপকারী সন্দেহে ছাত্ররা একজনকে আটকও করেছে। পাশাপাশি জেলা জজ কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে রাজধানীর শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এখন পর্যন্ত ককটেল নিক্ষেপের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয়জনকে তিনটি ককটেল ও একটি মোটরসাইকেলসহ আটকের খবর জানিয়েছে ডিএমপি।

এদিন সন্ধ্যার দিকে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সাইন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

এছাড়া সকালে তিতুমীর কলেজ ও রামপুরা বনশ্রী এলাকায়ও ককটেল বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত