ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ ও শিক্ষার্থীরা।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় হাতেনাতে দুজনকে আটক, একটি মোটরসাইকেল জব্দ এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
অন্যদিকে, ঢাবির টিএসসির পাশের সড়কে বিস্ফোরণের পর সন্দেহভাজন দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম জানান, আটক একজনের নাম জাবির সালেহিন দীপু (২৭)। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ককটেল নিক্ষেপের কথা স্বীকার করেছেন। অপরজনের পরিচয় যাচাই চলছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে সন্ধ্যা ৬টা ৪১ থেকে ৭টা ২১ মিনিট পর্যন্ত ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।