শূন্য থেকে পাওয়া সুযোগে বাজিমাত

প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নের মতো কাটছে ইরফান সাবরি তাকরিরের। একই অনুভূতি মোহাম্মদ ইয়াসিন হোসেনেরও। কিছুদিন আগেও দুজনের ক্রিকেটীয় ভবিষ্যৎ জানা ছিল না। বড় মঞ্চে নিজেদের প্রমাণের জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন দুজন। বয়সভিত্তিক ক্রিকেটের কোনো পর্যায়েই জায়গা হয়নি তাকরিরের। বিকেএসপি থেকে বের হওয়ার পরও সেভাবে পরিচিতি পাননি ইয়াসিন। দুজনের পথ আলাদা হলেও ভাগ্য এক জায়গায় এসে মিলিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশে অনেকটা অপ্রত্যাশিতভাবেই জায়গা পান তারা। এই সুযোগে ব্যাট হাতে রানবন্যা বইয়ে দিয়ে লিগ পর্ব শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তাকরির। অন্যদিকে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ইয়াসিন।

চট্টগ্রাম বিভাগের হয়ে ৬ ম্যাচে ১২ ইনিংসে ৬০.২০ গড়ে ৬০২ রান করেছেন তাকরির। লিগে ৬০০ রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি। অভিষেকেই সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে দুটি শতক ও দুটি ফিফটি। দুর্দান্ত পারফরম্যান্সে এনসিএলের প্রথম একাদশে সুযোগ পেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন তিনি। দেশের ইতিহাসে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তাকরির। অভিষেকের অনুভূতি আচ্ছন্ন করে রেখেছে তাকে, ‘ফিল্ডিং করার সময় একটু চাপ অনুভব করছিলাম। কিছুটা ঘোরের মধ্যে ছিলাম। ব্যাটিংয়ে নেমে আগে একটা রান করতে হবে, তারপর একটা বাউন্ডারি মারতে হবে, যাতে বলতে পারি জাতীয় লিগে একটা বাউন্ডারি মেরেছি। প্রতিটি মুহূর্তে এমনই মনে হচ্ছিল। পরে সেঞ্চুরি করলাম, শুনি সেটা নাকি একটা রেকর্ড হয়েছে। এসব আমার জন্য স্বপ্নের মতো। আমি জীবনে কখনো কোনো ক্যাম্পেও ছিলাম না।’

কুমিল্লার এই ক্রিকেটারের পথচলা সহজ ছিল না। জেলা দলেও নিয়মিত সুযোগ পাননি তিনি। অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-১৯ পর্যায়েও খেলা হয়নি। তবে ঢাকা লিগের তৃতীয় বিভাগে সাত ম্যাচে ৪০০ রান করে নজরে আসেন। পরে চলতি বছর সিলেট লিগে ৪ ম্যাচে ৫৭১ রান, যার মধ্যে প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন। জাতীয় চ্যাম্পিয়নশিপেও কুমিল্লার হয়ে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করে দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন। সেখান থেকেই চট্টগ্রাম বিভাগের নজরে আসেন তিনি। দ্বিতীয় একাদশে সুযোগ পেয়েও মাঠে নামা হচ্ছিল না। প্রথম ম্যাচের আগে দলটির দুজন ব্যাটসম্যান অনুপস্থিত থাকায় সুযোগ পান। সেটা সেঞ্চুরিতে রাঙিয়ে এখন ছুটছেন তাকরির।

অন্যদিকে ৫ ম্যাচে মাত্র ২.৫৭ ইকোনমিতে ১২.৭২ গড়ে ৩৯ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার ইয়াসিনেরও ছিল দীর্ঘ অপেক্ষা। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলে খেলেছেন, অধিনায়কত্বও করেছেন। তবে করোনাসহ নানা জটিলতায় পরবর্তী ধাপে এগোতে পারেননি। জাতীয় চ্যাম্পিয়নশিপে কুমিল্লার হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পরও কোনো বিভাগীয় দলে সুযোগ পাচ্ছিলেন না। নিজের হতাশার কথা জানিয়ে ইয়াসিন বলেন, ‘এবারই প্রথম আমি কোথাও সুযোগ পেলাম। বিকেএসপি থেকে বের হওয়ার পর কেউ আমাকে সেভাবে চিনত না। আমি ঢাকার ছেলে, অথচ টিম ম্যানেজমেন্টের কেউই আমার সম্পর্কে জানেন না।’

গত আগস্ট মাসে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির সময় মিরপুরের নেটে বিসিবি কোচ মিজানুর রহমান বাবুলের নজরে আসেন এই বাঁহাতি স্পিনার। সেখান থেকেই এনসিএলে সুযোগ পান। শুরুতে প্রথম একাদশে জায়গা পেলেও পরে বাদ পড়েন। দ্বিতীয় একাদশের প্রথম দুই ম্যাচেও বসে থাকতে হয় বেঞ্চে। অবশেষে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন ইয়াসিন।