বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফুটবল লড়াইয়ের আগে কথার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ক্রিকেটের মাঠে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলে সেই উত্তাপ যেন মাঠের বাইরে নেতিবাচক প্রভাব না ফেলে, সেই বার্তাই দিয়েছেন তিনি। তার স্পষ্ট কথা, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। আমরা ভালোবাসা সৃষ্টি করি।’ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের সমীকরণ সামনে রেখে আজকের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়াইকে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন শ্রীলঙ্কার এই কোচ। তার মতে, দুই দলেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের অপেক্ষায় আছেন তিনি। ম্যাচের গুরুত্ব তুলে ধরে কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি, এই ম্যাচটি সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে। কারণ স্বাগতিক দল খুব শক্তিশালী। উভয় দলেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’
কথার লড়াইয়ে যে পিছিয়ে থাকতে চান না, সেটিও বুঝিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার কোচ। আগামীকাল দল জিতলে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মতো নাচারও ঘোষণা দিয়েছেন তিনি। মজার ছলে তার সতর্কবার্তা, ‘আগামীকাল যদি আমরা জিতি, তবে বলে রাখি, আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি।’ হামজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হামজা বাংলাদেশ থেকে আসা একজন বাঙালি। তাকে যেভাবেই পরিচয় করানো হোক না কেন, তিনি বাংলাদেশেরই একজন। এমন খেলোয়াড়দের নিজেদের অংশ হিসেবে গ্রহণ করা উচিত বলেও মনে করেন এই কোচ।