স্বপ্ন দেখাচ্ছেন হামজা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:২৮ এএম

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর অনেকবার স্বপ্ন দেখলেও শিরোপা অধরাই  থেকেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এবার নিজেদের মাঠে সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। আর সেই স্বপ্ন পূরণে দারুণ আত্মবিশ্বাসী জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। শুধু শিরোপা জয়ের প্রত্যাশাই নয়, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকেই ফেবারিট মনে করছেন তিনি। আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি, শিরোপার সম্ভাবনা এবং সমর্থকদের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন হামজা।

হামজার কাছে এবারের সাফ কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং দেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা পূরণের বড় সুযোগ। দলের ভেতরেও শিরোপা জয়ের প্রবল আকাক্সক্ষা দেখছেন তিনি। মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে হামজা বলেন, ‘আমরা জানি, পুরো দেশ আমাদের কাছে কী প্রত্যাশা করে। তবে এই দলের ওপর আমাদের অনেক আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

২০০৩ সালের পর আর সাফের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই ট্রফি আবারও দেশের মানুষের হাতে তুলে দিতে চান হামজা। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘ফুটবল পুরোপুরি দলীয় খেলা। এখানে বিষয়টি শুধু আমাকে নিয়ে নয়, পুরো দলকে নিয়ে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ঘরের দর্শকদের সামনে বড় একটি টুর্নামেন্টে খেলতে পারাটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। ইনশাআল্লাহ, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।’

শিরোপার পথে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি গোলের সুযোগ কাজে লাগানো। সাম্প্রতিক ম্যাচগুলোতে একাধিক সুযোগ তৈরি করেও সবগুলো কাজে লাগাতে পারেনি দল। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন হামজা। তার মতে, সুযোগ তৈরি করতে পারাটাই ইতিবাচক। প্রয়োজন শুধু গোলের সামনে আরও কার্যকর হওয়া। নিজেরও সুযোগ নষ্ট করার অভিজ্ঞতা তুলে ধরে হামজা বলেন, ‘আমি উদ্বিগ্ন হতাম যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি সুযোগ নষ্ট করেছি। তবে শেষ মুহূর্তে গোল করেছি। আমরা সুযোগ তৈরি করতে পারছি, আশা করি সেগুলোকে গোলে পরিণত করাও শুরু করব।’ দলের আক্রমণভাগে ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং শেখ মোরসালিনের উপস্থিতি নিয়েও আশাবাদী হামজা। তার বিশ্বাস, আরও অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পেলে স্ট্রাইকারদের আত্মবিশ্বাস বাড়বে। গোলের সামনে নিজেদের সামর্থ্যরে প্রতিফলন ঘটাতে পারবেন তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়েও সতর্ক হামজা। প্রতিপক্ষের উন্নতির কথা স্বীকার করলেও নিজেদের প্রস্তুতি ও সামর্থ্যরে ওপর আস্থা রাখছেন তিনি। তার মতে, গত ১২ মাসে শ্রীলঙ্কা অনেক উন্নতি করেছে, তবে বাংলাদেশও পিছিয়ে নেই। ভুটানের বিপক্ষে লঙ্কানদের কঠিন ম্যাচের বিপরীতে নিজেদের জয় থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি হামজার কাছে বিশেষ কিছু। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করে। এমনকি ইংল্যান্ডে তার খেলা দেখতেও বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তাকে গর্বিত করে। এই ভালোবাসার প্রতিদান মাঠের পারফরম্যান্স দিয়ে দিতে চান তিনি। হামজা বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মানুষ আমাকে অনেক ভালোবাসা ও সমর্থন দিয়েছে। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের অনেক সমর্থক আমার খেলা দেখতে আসেন। এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। ইনশাআল্লাহ, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

বাংলাদেশের ফুটবল নিয়ে সাম্প্রতিক উন্মাদনার পেছনে প্রবাসী ফুটবলারদের অবদানও দেখছেন হামজা। তার মতে, শুধু তার আগমন নয়, শামিত, ফারহান, ফাহমিদুল ও তারিক কাজীদের মতো ফুটবলারদের জাতীয় দলে যুক্ত হওয়ায় সমর্থকদের আগ্রহ বেড়েছে। তবে এখন সেই আগ্রহকে মাঠের সাফল্যে রূপ দেওয়ার সময়। দলের প্রয়োজনে মাঝমাঠ ছেড়ে কখনো আক্রমণে, কখনো রক্ষণে ভূমিকা রাখেন হামজা। এতে মাঝমাঠে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা নিয়ে কোচের সঙ্গে আলোচনাও হয়েছে তার। হামজা স্বীকার করেছেন, কখনো কখনো দলের জন্য অতিরিক্ত কিছু করার চেষ্টা করেন। তবে সতীর্থদের সঙ্গে সমন্বয় করেই খেলতে চান তিনি।

অধিনায়কত্বের বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন হামজা। কোচ তাকে স্থায়ী অধিনায়কের দায়িত্ব দিলে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কোচের। সবশেষে এবারের সাফে ফেবারিট দল নিয়ে প্রশ্ন করা হলে কোনো দ্বিধা ছাড়াই বাংলাদেশের নাম বলেছেন হামজা। তার কথায়, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেবারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই।’ হামজার এই আত্মবিশ্বাস এখন মাঠে বাস্তবায়নের অপেক্ষা। ২৩ বছরের শিরোপা-খরা কাটাতে হলে শুধু প্রত্যাশা নয়,  প্রতিটি ম্যাচে পারফরম্যান্সের ধারাবাহিকতাও দেখাতে হবে বাংলাদেশকে। ঘরের মাঠের দর্শক, দলের নতুন উদ্দীপনা আর হামজার আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পুরো দেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত