হারুনুর রশীদকে ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা

আবাহনী ক্লাবের জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত জড়িয়ে ছিলেন হারুনুর রশীদ। যে ক্লাবকে নিজের শ্রম, মেধা ও ভালোবাসায় গড়ে তুলেছিলেন, মৃত্যুর পর সেই প্রিয় আবাহনীর আঙিনাতেই তাকে জানানো হলো শেষ শ্রদ্ধা। মঙ্গলবার তার জানাজায় উপস্থিত হয়ে দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, সংগঠক এবং কর্মকর্তারা স্মরণ করেছেন এই বর্ষীয়ান ক্রীড়া সংগঠকের অবদান।

আবাহনীর বর্ষীয়ান ফুটবলার শেখ আশরাফ আলী শারীরিক অসুস্থতা নিয়েও এসেছিলেন প্রিয় সংগঠককে শেষ বিদায় জানাতে। হারুনুর রশীদের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘হারুন ভাইয়ের হাতেই আবাহনী ক্লাব তৈরি। সেই ক্লাব থেকে কত ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় তারকা হয়েছে। হারুন ভাই নেপথ্যে নীরবে কাজ করেছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক, খাওয়া-দাওয়া সবকিছু তিনি অনেক কষ্টে জোগাড় করতেন।’ আবাহনীর হয়ে এক যুগেরও বেশি সময় খেলা সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামও স্মরণ করেছেন ক্লাবের কঠিন দিনগুলোর কথা। তিনি বলেন, ‘এমনও সময় গেছে ক্লাবে ফুটবলারদের জন্য খাবার সংকট ছিল। মানুষের কাছে গিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আবার অনেক সময় আমাদের নিয়েও গেছেন। কষ্টের সেই দিনগুলো আমরা দেখেছি।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের কাছেও হারুনুর রশীদ ছিলেন অভিভাবক। ১৯৮০ সালে  প্রথম পরিচয়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘হারুন ভাইকে আমি  প্রথম দেখি ১৯৮০ সালে। এরপর যখন নিজেই আবাহনীতে খেলেছি, তখন তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি মূলত ফুটবল সংগঠক হলেও ক্লাবের হকি, ক্রিকেটসহ সব বিষয় দেখতেন। অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি।’

হারুনুর রশীদের  প্রয়াণে শোক  প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী আমিনুল হক। শোক জানিয়েছে মোহামেডান, বাফুফে, বিসিবি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আরচারি ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব।