জাতীয় রোলার স্কেটিংয়ে লাল-নীল আলোর ঝলকানি। রঙিন আলোয় ম্যাটে কুস্তিগিরদের লড়াই। প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় সিনিয়র পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ স ম রিদওয়ানূর রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আব্দুল মবিন ফাইটার ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি। প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ ও মহিলা বিভাগে বিভিন্ন ওজন শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এবারের আসরে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল ও ক্লাবের কুস্তিগিররা অংশ নিচ্ছেন। পুরুষ বিভাগে ১০টি এবং মহিলা বিভাগে ১০টি ওজন শ্রেণিতে লড়াই করছেন মোট ১৩৭ জন খেলোয়াড়।