হাসিনার পাসপোর্ট এনআইডি পাওয়ার সুযোগ নেই : রিজভী

১ হাজার ৪০০ শিশু-তরুণের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই রক্তের দাগ শুকিয়ে যায়নি। অথচ সেই পলাতক শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার সুযোগ পাবেন, তা স্পষ্ট করতে হবে।

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেছেন। সেই রক্তের দাগ শুকিয়ে যায়নি। অথচ এখন তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টি আলোচনায় আসছে। একজন পলাতক ব্যক্তির ক্ষেত্রে এসব সুযোগ কীভাবে বিবেচিত হচ্ছে, তার জবাব দিতে হবে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।