অটোরিকশার গ্যারেজের বিদ্যুৎস্পৃষ্টে ঝরল প্রাণ

রাজধানীর মোহাম্মদপুরে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ইসরাত নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাত মসজিদ হাউজিংয়ের ১ নম্বর সড়কের শেষ মাথায় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজটিতে টিনের চালের ওপর দিয়ে জোড়াতালি দেওয়া তারের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। গতকাল সকালে গ্যারেজের সামনে আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল ইসরাত। এ সময় বিদ্যুতায়িত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মা-বাবা শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মমিন মোহাম্মদপুরের ৩ নম্বর সড়কের একটি বাসায় দারোয়ানের কাজ করেন। তার স্ত্রী আকলিমা বেগম গৃহকর্মীর কাজ করেন। স্থানীয়দের অভিযোগ, শিশুটির মৃত্যুর খবর পেয়ে গ্যারেজের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন হাসপাতালে যান। সেখানে তারা শিশুটির বাবাকে ভয়ভীতি দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে আসেন। এ সময় ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করতে বলা হয়। বিষয়টি নিয়ে কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মুখ বন্ধ রাখার বিনিময়ে একটি অটোরিকশা কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম দেশ রূপান্তরকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।