স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বললেন

ঠিকাদারের উপহার ঘুষ নয়

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, একজন প্রকৌশলীর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে উপহার দিলে তা গ্রহণে বাধা নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নবীন প্রকৌশলীদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এলজিইডির উন্নয়নকাজ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশীজন। তাই তাদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রভাবে পড়ে দায়িত্ব ও পেশাগত সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রকৌশলীদের জনগণের জন্য কাজ করতে হবে। দায়িত্ব ও কাজ ভালোভাবে বুঝে তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কাজে শৈথিল্য বা অবহেলা করা যাবে না। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষ্য, জনগণের অর্থে অবকাঠামো নির্মাণ করা হয়; তাই এসব স্থাপনা টেকসই ও জনসাধারণের উপযোগী হতে হবে। একই সঙ্গে ব্যয় সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

এলজিইডির চলমান কাজের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সংস্থাটির মাধ্যমে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। আগামী তিন থেকে চার অর্থবছরে এসব প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য আসবে।

অনুষ্ঠানে নবনিযুক্ত ১৭৬ জন সহকারী প্রকৌশলীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের যোগদানের ফলে সংস্থার প্রকৌশলী সংকট কিছুটা কমবে এবং কাজের গতি বাড়বে। প্রকৌশলীদের সরকারি ক্রয় আইন ও বিধিমালা সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শও দেন প্রতিমন্ত্রী।