ডেঙ্গু ও হামে মৃত্যু আরও ১৩

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন। এ ছাড়াও হাম উপসর্গে ৫ শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৫৬৫ জন, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ২০৬, খুলনায় ২২০, রাজশাহীতে ২২৯, রংপুরে ৭১, বরিশাল বিভাগে ২১১ এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতাল ভর্তি ৬ হাজার ১৩৬ জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে। মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১, হাজার ৩৫৭ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৪৪৪ শিশু। এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত গেছে এক হাজার ২৮৯ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ১৮৪ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৪১ হাজার ৫৫৬ জন।