তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি। তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে সেøাগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলো মূলত বিজ্ঞাপননির্ভর। বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক টেলিভিশন চ্যানেলের পরিচালন ব্যয় নির্বাহ এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন।
সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। তারা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে।