সরকারি চাকরিতে প্রায় সোয়া ৫ লাখ পদ শূন্য

দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদ পূরণে সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

তৃতীয় শ্রেণিতে শূন্য পদ সবচেয়ে বেশি : বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী শ্রেণিভিত্তিক শূন্য পদের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণিতে ৭৩ হাজার ৩৮০টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ২৪৬টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৭৯ হাজার ৫৪২টি এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ৩৫ হাজার ৩৩৮টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া অন্যান্য পদে শূন্য রয়েছে ৪ হাজার ৪১৬টি।

নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত হবে : সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানতে চান, বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার, দলীয় বিবেচনা, দুর্নীতি ও অন্যান্য অনৈতিক উপায়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে বাদ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে কি না।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে নিয়োগের ক্ষেত্রে যেসব অভিযোগ আসছে বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যাবে, সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সরকারের যেসব পদ শূন্য রয়েছে, সেগুলো পূরণ করা হচ্ছে। অনিয়মের কারণে কোনো পদ শূন্য হলে সেখানেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

বছরের শেষে নিয়োগের অগ্রগতি জানাবে সরকার : এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত বলেন, ৫ মাস ২২ দিন আগে সরকারের পক্ষ থেকে সরকারি চাকরির শূন্য পদ ও নিয়োগসংক্রান্ত একই তথ্য সংসদে দেওয়া হয়েছিল। এ সময়ে নতুন নিয়োগের অগ্রগতি ও কবে নাগাদ নিয়োগ সম্পন্ন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চান তিনি।