আ.লীগ আমলের রাজনৈতিক মামলাও প্রত্যাহার করা হবে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে ধর্ষণের মামলা এ সিদ্ধান্তের বাইরে থাকবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে এবং মামলা রাজনৈতিক প্রকৃতির বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন মামলা আছে শুধু রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। এখানে ইফস অ্যান্ড বাটসের সুযোগ নাই।’

তিনি বলেন, কোনো মামলার এজাহারে রাজনৈতিক মামলা বলে উল্লেখ থাকে না। এ কারণে রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’

এ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমে তাদের মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।

ফারুক তার প্রশ্নে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছিল। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে একই দিনে দেশের ৬৪টি জেলায় তার বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয়। এসব মামলা প্রত্যাহার হয়নি বলে দাবি করেন তিনি মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান।

প্রত্যাহার হয়েছে ২৪ হাজার ১৩টি মামলা : জামায়াতে ইসলামীর সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ‘রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্র্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি এবং আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করা হয়।’

আইনমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আবেদন ও সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।’

আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় জামায়াতের কিছু মামলা প্রত্যাহার হয়নি : নির্ধারিত নিয়মে আবেদন না করায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর কিছু রাজনৈতিক মামলা প্রত্যাহার করা যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একই অঞ্চলের ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে করা মামলাগুলোর আবেদন নির্ধারিত নিয়মে জমা দেওয়ায় সেগুলো প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জামায়াতের আবেদনগুলো ঠিকভাবে পূরণ না করায় ফেরত পাঠানো হয়েছে।’ বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানান আইনমন্ত্রী।

জুলাই-পরবর্তী ১,৮৮৩ মামলার তদন্ত চলছে : সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮০৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১ হাজার ৭৮টি। এসব মামলার মধ্যে ২৯৩টির তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ৯৮টি হত্যা মামলা রয়েছে।