বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশিদের জন্য হজের কোটা বাড়ানো হয়েছে। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে বাড়তি ৫ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাবেন। চুক্তি অনুযায়ী আগামী বছর ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন, যা এ বছর ছিল ৭৮ হাজার ৫০০ জন। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজের কোটা আরও ৫০০০ বৃদ্ধি করেন। বিগত বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে সে কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।