কার্তিকের শেষ ভাগে হেমন্তের সকালে হঠাৎ করেই বদলে গেছে রাজধানী ঢাকার আবহাওয়া। ভোরের আলো ফোটার পরপরই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় মেঘের গর্জন ও বজ্রপাত। এরপর ঝমঝম বৃষ্টি একপর্যায়ে মুষলধারে রূপ নেয়।
বুধবার (১১ নভেম্বর) দিনের শুরুতেই বৃষ্টির কারণে রাজধানীর কর্মব্যস্ত মানুষ পড়ে বিপাকে। হঠাৎ বৃষ্টিতে অফিসগামীদের ছাতা ও রেইনকোট সঙ্গে না থাকায় তাদের অনেক সমস্যায় পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভোর সাড়ে ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে হালকা বাতাস বয়ে যাচ্ছে। বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে আকাশ থেকে মেঘ কেটে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মৌসুমি বৃষ্টির প্রভাবে প্রকৃতিতে ধীরে ধীরে শীতের আমেজ বাড়তে শুরু করবে।