প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্রের নিশ্চিত তথ্য অনুযায়ী, দুই নেতার মধ্যকার এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বর্তমান সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি দুই নেতার মধ্যে দ্বিতীয় উচ্চপর্যায় বৈঠক। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর বিশেষ জোর দিয়েছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে অংশ নিতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে এসে পৌঁছান।

ইস্তাম্বুলে দুই ঘণ্টার ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে বিকেল চারটার দিকে তিনি আন্তালিয়ায় পৌঁছান। আন্তালিয়া বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সদরি শ্যুগ এবং এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাপ্রধান পর্যায়ে নিয়মিত সফর বিনিময় হয়ে আসছে।

সফরের পরবর্তী সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। ভাষণে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে দেশের জোরালো অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

এছাড়া অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে। সকল কর্মসূচি শেষে আগামী শুক্রবার ভোরে প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত