হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে একটি বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ‘আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, গানের আয়োজন বন্ধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে অন্য কোথাও এমন আয়োজন করতে দেওয়া হবে না।’

এর আগে রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি, আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ সোয়া ৪ লাখ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা, কী বলে, ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন আমরা না শুনি। যেখানে কোনো তরুণরা গেছে, মারামারি করছে, কোনো খারাপ চলছে, এমনটা যাতে না হয়, এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে।’

‘আমাদের অনেক দোকান রয়েছে। নতুন করে মেলার নামে দোকান বসিয়ে অশ্লীলতার প্রয়োজন নেই,’ যোগ করলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের এই এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোনো কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।”