নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ফলে গর্ভধারণ ও সন্তান প্রসবের ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মো. আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ভুক্তভোগী শিশুর নবজাতক কন্যাসন্তানের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল সালাম এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামি দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সময় শিশুটি মদন উপজেলার পাড়াখট বড়বাড়ি গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় ‘হযরত ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায়’ প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। দণ্ডিত সাগর ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক এবং পাশের জামে মসজিদের ইমাম ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর সাগর শিশুটিকে মসজিদের বারান্দা পরিষ্কার করতে বলেন। পরে বারান্দাসংলগ্ন নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। মুখ বন্ধ রাখতে বিভিন্ন সময় শিশুটিকে ৫০ টাকা করে দেওয়া হতো। পরবর্তী সময় একাধিকবার একই ধরনের অপরাধের শিকার হয় শিশুটি।

চলতি বছরের ১৮ এপ্রিল শিশুটির মা বাড়িতে এসে মেয়ের পেট অস্বাভাবিকভাবে বড় হতে দেখেন। পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করালে ২৬ সপ্তাহের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হন। ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারটিকে স্থানীয়ভাবে হুমকি দেওয়া হয়। ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ১৭।

এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান।

তদন্তের সময় শারীরিক নিরাপত্তা ও উন্নত চিকিৎসার জন্য অন্তঃসত্ত্বা শিশুটিকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুলাই রাত ১২টার দিকে একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই নিরাপদ হেফাজত কেন্দ্রে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষায় দণ্ডিত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকেই নবজাতকের জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়।

মামলার সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও প্রয়োজনীয় প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নবজাতকের অধিকার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্র ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা ও মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে সে।

এ ছাড়া কন্যাসন্তানটির বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে। পরবর্তী সময়ে সরকার এ অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় বা বাজেয়াপ্ত করতে পারবে।

নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল বলেন, বিচারিক কার্যক্রমের জন্য তাঁরা মামলাটি পেয়েছেন মাত্র দুই মাস আগে। ৬০ থেকে ৬২ দিনের মধ্যে মামলার বিচার শেষ হয়েছে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও যাবতীয় প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।