চট্টগ্রামের মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী।
বুধবার (১১ নভেম্বর) সকালে নিজ এলাকায় শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। মানুষ নিঃশ্বাসের সঙ্গে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, গাছ তা শোষণ করে অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। সরকারের এ উদ্যোগের অংশীদার হতে ব্যক্তিগতভাবে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা করেছেন তিনি। ইতোমধ্যে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজার গাছ রোপণ করেছেন।
শাহিদুল ইসলাম চৌধুরী জানান, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের বৃক্ষ হিসেবে পরিচিত নিমগাছের ২০০ চারা বুধবার নিজ এলাকায় রোপণ করা হয়েছে। চারাগুলো তার নিজের নার্সারিতে তৈরি করা হয়েছে। সেখানে আরও এক হাজার নিমের চারা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। ‘নিরাপদ মিরসরাই’ ব্যানারে এসব কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মাঈন উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন হানিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওছার উদ্দিন বাবু, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা ছালাউদ্দিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা নুরুল মোস্তফা দুলাল, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল নুর ফয়সাল, ছাত্রদল নেতা নাফিজ চৌধুরী ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা শেখ জাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।