নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ নভেম্বর) নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমের আওতায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখছেন পুলিশ সদস্যরা।
ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।
অন্যদিকে, রাজধানীর বাইরে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ওই ১২ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, রাজধানীতে এসব নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৫৯ জনের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।