ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।
অন্যদিকে, রাজধানীর বাইরে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ওই ১২ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, রাজধানীতে এসব নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৫৯ জনের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতাসংক্রান্ত ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই পরিসংখ্যান প্রস্তুত করা হচ্ছে।