রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকায় ১৩ বছর বয়সি শিশু হামিদুল ইসলামকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) এলাকার একটি ঝোপঝাড় থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরিফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হামিদুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত হামিদুল বরিশালের কাজিরহাট উপজেলার আন্দারমানিক গ্রামের বাবুল আকন্দের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার পরিবার ডেমরার নড়াইবাগ মোল্লাবাড়ি এলাকায় বসবাস করে।
হামিদুলের বড় ভাই সাইদুর রহমান আকন্দ জানান, তাদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। মা প্যারালাইজড। হামিদুলও শারীরিক প্রতিবন্ধী ছিল। গত ৭ নভেম্বর শনিবার দুপুর ১২টার পর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে মাইকিং করার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি জানান, ৯ নভেম্বর এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আরিফ নামে এক হোটেল কর্মচারী হামিদুলকে ডেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। পরে পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
সাইদুর রহমান আরও জানান, মঙ্গলবার বিকেলে ডেমরার নড়াইবাগ মালা মার্কেটের বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি ঝোপঝাড়ে চলে যায়। বল আনতে গিয়ে তারা সেখানে একটি শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হামিদুলকে ওই ঝোপঝাড়ে নিয়ে বলাৎকার এবং পরে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন বলে জানান নিহতের ভাই। তার ভাষ্য অনুযায়ী, হামিদুল চিৎকার শুরু করলে আরিফ তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রেখে যান।
সাইদুর রহমান জানান, ৭ নভেম্বরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ২৫ মিনিটে আরিফ হামিদুলকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ১২টা ৪৭ মিনিটে একই রাস্তা দিয়ে তাকে একা ফিরে আসতে দেখা যায়। অর্থাৎ এই ২২ মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা।
এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়খ খসরু উল্লেখ করেন, শিশুটিকে বলাৎকার বা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহে পচন ধরেছিল। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।