সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু

ভোলার লালমোহনে পৈতৃক বাগানের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই আব্দুল জলিল রাঢ়ী (৬৪) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শহীদ রাঢ়ীকে (৭৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ নভেম্বর) সকালে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই মৃত মনু মিয়া রাঢ়ীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৈতৃক বাগানের সুপারি পাড়তে যান শহীদ রাঢ়ী। এ সময় সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে আগে থেকেই বিরোধ থাকায় ছোট ভাই জলিল তাকে সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন আব্দুল জলিল।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বড় ভাই শহীদ রাঢ়ীকে আটক করে পুলিশে দিয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, সুপারি পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। স্বজনরা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।