ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী ও এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।