বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গৌরবময় ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। ‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’ প্রতিপাদ্য ও ‘উই আর প্রাউড অব আওয়ার ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স হেরিটেজ’এই স্লোগানকে সামনে রেখে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্নাঢ্য উৎসবের আয়োজন হতে যাচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) বুয়েটের কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
এতে আরও বক্তব্য রাখেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব, বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মো. আতিকুর রহমান ভূঁইয়া পিনু, ১৪তম মহাপুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো.আব্দুর রউফ ও সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান।