ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তকরণ বন্ধ করা ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে সকালের উত্তেজনার পর এখন পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তবে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার অন্তত ২২ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্র্তৃপক্ষ। হেমায়েতপুরের কারখানাগুলোতে অশান্ত পরিবেশ তৈরির পেছনে বহিরাগত একটি পক্ষ জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বেশ কিছু কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া, রেজা গার্মেন্টস, ডেবোনিয়ারসহ অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্র্তৃপক্ষ। ছুটির পর শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ ও অন্যান্য কারখানা বন্ধের চেষ্টা চালান। হেমায়েতপুরের একেএইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যমুনা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগদান করে। এরপর পুনরায় কারখানা থেকে বেরিয়ে যায়। তখন সড়কে পুলিশ তাদের ছাত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে বন্ধ অনেক কারখানা গতকাল খুলেনি। পরে শ্রমিকরা যে যার মতো বাড়ি চলে যান।
দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে বাইরে থেকে একটি পক্ষ ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা লোটার চেষ্টা করছে। তিনি বলেন, হেমায়েতপুরের কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো ব্যক্তিরা মূলত বহিরাগত। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ৫ আগস্টের পর থেকে পুলিশ কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না। পরিকল্পিতভাবে যারা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। শিল্প পুলিশ-১ এর সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া এলাকা ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব জায়গার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক আছে।
বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে জেলা পুলিশ, এপিবিএন, ডিবি ও বিজিবির যৌথ টহল ও কড়া নজরদারি চলছে। পুরো এলাকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।